আগামী সপ্তাহ থেকেই ভার্চুয়াল কোর্টে দ্বৈত বেঞ্চ চালুর সিদ্ধান্ত

৮ জুলাই, ২০২০ ২২:২৬  
আগামী সপ্তাহ থেকেই ভার্চুয়াল কোর্টে ডিভিশন হাইকোর্ট বেঞ্চ বা দ্বৈত বেঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতিরা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে , ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে ৪টায় শুরু হয়ে সন্ধ্যার পর পর্যন্ত চলে দীর্ঘ এই সভা। এর আগে কোভিড-১৯ মহামারির মতো যেকোনো দুর্যোগকালীন সময়ে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ পাস করে জাতীয় সংসদ। সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের বিধান অনুযায়ী প্রয়োজনের তাগিদে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত পরিচালনা করা যাবে। এর অধীনে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ বা যুক্তিতর্ক গ্রহণ এবং আদেশ প্রদান করা যাবে।